নিজস্ব প্রতিবেদক | নিউজ চ্যানেল বিডি | ঢাকা
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন।
ইসি সচিব বলেন, “নতুন করে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।”
তিনি আরও জানান, বুধবার (৫ নভেম্বর) দলগুলোর ওপর দাবি-আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা দাবি বা আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময় শেষে গেজেট প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, “আমরা মোট ১৪৩টি আবেদন পেয়েছিলাম। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ের পর ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করা হয়। তদন্তের ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, সাতটি রাজনৈতিক দল নিবন্ধনের যোগ্যতা পূরণ করতে পারেনি।”
তিনি জানান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে হাইকোর্টে দায়ের করা একটি রিটের রায়ের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি সচিব আরও বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও অতীত নির্বাচনে অংশগ্রহণের ভিত্তিতে তিনটি দলকে (জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল—শাহ জাহান সিরাজ, এবং বাংলাদেশ জাতীয় লীগ) প্রাথমিকভাবে বিবেচনায় আনা হলেও পরবর্তী যাচাই-বাছাইয়ে তাদের কার্যক্রমে ধারাবাহিকতা না থাকায় নিবন্ধন বাতিল করা হয়েছে।”
তিনি জানান, আরও আটটি দল—আম জনতার দল, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতার পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি—সঠিকতা না পাওয়ায় নিবন্ধনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।





