স্টাফ রিপোর্টার | ২২ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটি পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং সাধারণ মানুষের পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি। পাশাপাশি নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং পুলিশ সদস্যদের কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন।
এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি বা অভিযোগ দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শুনে তাদের অভিযোগ দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে।”
তিনি বলেন, নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় এসে কোনো মাধ্যম ছাড়াই নিজেদের সমস্যা সরাসরি জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





