স্টাফ রিপোর্টার | ৭ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।
আজ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করা হয়েছে।
মামলার অপর দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এর মধ্যে মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে তোফায়েল আহমেদ ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন–এর পাবলিক প্রসিকিউটর ইশতিয়াক আহমেদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেন। ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংক–এর মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।





