স্টাফ রিপোর্ট | ৩১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবেন।
শনিবার সকালে রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান জানান, দেশের ৩০০টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবেন। প্রতিটি উপজেলায় গড়ে দুই থেকে চার প্লাটুন দায়িত্ব পালন করবে।
ঢাকা সেক্টরের অধীনে ৪২টি অস্থায়ী বেজ ক্যাম্পের মাধ্যমে ৯টি জেলা ও ৪টি সিটি কর্পোরেশনের ৫১টি নির্বাচনী এলাকায় মোট ১৩৪ প্লাটুন মোতায়েন থাকবে। ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) দায়িত্ব পালন করবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। বিশেষ তল্লাশি ও নিরাপত্তা জোরদারের জন্য ‘কে-নাইন’ ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে।
বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর ও সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করা হবে। ভোটের দিন টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে।
বিজিবি সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে এবং সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংস্থাটি আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।





