স্টাফ রিপোর্টার, ০৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দলের সংসদ সদস্যদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।
সাংসদদের এই রুদ্ধদ্বার কর্মশালার উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত আছেন।
কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে প্রয়োজনীয় বিধি-বিধান তুলে ধরা হবে। পাশাপাশি অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নবনির্বাচিত সদস্যদের সঙ্গে ভাগাভাগি করবেন।
সরকার ও সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
এই অধিবেশনকে সামনে রেখে দলের সাংসদদের প্রস্তুত করতেই বিএনপি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সাংসদরা সংসদকে কার্যকর করতে সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে ধারণা দেবেন।
দুই দিনের এই কর্মশালার প্রথম দিনের সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপরা অংশ নেন। বিকালের পর্বে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
আগামীকাল শনিবার সকালের পর্বে ঢাকা (আংশিক), ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সদস্যরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সদস্যরা অংশ নেবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়েছেন। ফলে নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দিতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।





