থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতি ও দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানী ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন।

থানা পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং থানার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।