দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিবেশে নতুন সরকারের শপথ, ১৩ দেশের প্রতিনিধিরা আসছেন

তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার গঠনের প্রত্যাশা; শহীদ পরিবারদের আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

নতুন সরকার গঠনের শপথ অনুষ্ঠান এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি।

তিনি বলেন, সাধারণত নতুন সরকারের শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও এবার তা জনগণের সামনে আরও উন্মুক্ত পরিবেশে আয়োজন করা হচ্ছে। দলের পক্ষ থেকে এ আয়োজনে সর্বাত্মক সহযোগিতা ও সমন্বয় করা হচ্ছে।

শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নতুন সরকারের ওপর জনগণের একটি বড় আমানত রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, জুলাই সনদ নিয়ে ইতোমধ্যে ভোটাভুটি হয়েছে এবং তা পাস হয়েছে। পরবর্তী করণীয় বিষয়গুলো সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। বিরোধী দলীয় নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা হয়েছে। সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চালিয়ে সমন্বয়ের মাধ্যমে বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ১৩টি দেশ থেকে প্রতিনিধি শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকারসহ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিগত আন্দোলন-সংগ্রামে নিহত ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। বিশেষ করে গুম, খুন ও জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদের গঠন সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে কিছুটা অপেক্ষা করতে হবে। সংসদীয় নেতা শপথ নেওয়ার পর যথাযথ সিদ্ধান্ত জানানো হবে। সাংবিধানিক নিয়ম ও প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের নেতৃত্বে সবাই একযোগে কাজ করবেন।