দলীয় স্বার্থ নয়, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে নির্বাচন চায় বিএনপি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার গঠনই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব: তারেক রহমান

Posted by:

on

ঢাকা │ ৮ নভেম্বর ২০২৫ │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জনগণের ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার গঠনই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মতুয়া জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “এই সরকারের কাজ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা নয়। বিএনপি কখনোই সরকারকে চাপের মুখে ফেলতে চায় না; বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আনতেই আমরা বিশ্বাসী।”

তিনি জানান, অর্ন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এ নির্বাচনে জনগণ স্বাধীন ইচ্ছায় ভোট দিয়ে পছন্দের প্রার্থী বেছে নেবেন।


জনগণের উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনের পরিকল্পনা

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দলটি দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

এর অংশ হিসেবে—

গ্রামীণভাবে ৫০ লক্ষ নারী প্রধান পরিবারকে “ফ্যামিলি কার্ড” প্রদান,

প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য “ফার্মার্স কার্ড” চালু,

এবং বেকার তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।


ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি

তারেক রহমান বলেন,
“ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান। কেউ যেন আমাদের ধর্মীয় পরিচয়কে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও যোগ করেন,

“ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়, আমাদের কাছে দেশ ও জনগণের স্বার্থই সর্বাগ্রে।
আমরা বলি— আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।”