ঈদ উপলক্ষে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহায়তা বিতরণ, অভিযোগ নাকচ
স্টাফ রিপোর্টার, ১৭ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ, নির্যাতিত ও সংখ্যালঘু পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে। এ সহায়তা দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে ঢাকা-০৬ আসনে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য ঈদের আগেই সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যেই রমজান মাসে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ভাতা প্রদান করা হয়েছে। তার মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং সরকার গঠনের পর এ কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে।
ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, দলীয় নেতাকর্মীরা কার্ড পেয়েছেন—এমন অভিযোগ সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, “যে কেউ যদি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করে, তাহলে সে তা পাবে—সে দলীয় হোক বা না হোক।”
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে। তবে সরকার গঠনের পর সহায়তা প্রদানে দলীয় পরিচয় বিবেচ্য নয়; বরং যোগ্য ব্যক্তিরাই অগ্রাধিকার পাচ্ছেন।





