স্টাফ রিপোর্টার | ২৭ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়নার দায়িত্ব পালন করে। সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ চলতে পারে না।
সোমবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে নিজের বিবেক ও মেধা চর্চার বড় সুযোগ রয়েছে। কিন্তু এখনো এ পেশাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কার্যকর কাঠামো গড়ে ওঠেনি।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতিচ্ছবি নিয়মিতভাবে গণমাধ্যমে প্রতিফলিত না হলে একটি দেশ সঠিক পথে এগোতে পারে না। দায়িত্বশীল সাংবাদিকতার মূল লক্ষ্য হলো রাষ্ট্র ও সমাজকে সবসময় সত্যের আয়নার সামনে দাঁড় করিয়ে রাখা।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা এবং বিভ্রান্তিকর তথ্যকে ফিল্টার করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, আবার কেউ অপব্যবহারও করছেন। তাই দায়িত্বশীল সাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিংয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ জরুরি।
তিনি আরও বলেন, এ দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়; সাংবাদিক সমাজকেও এতে অংশীদার হতে হবে। সাংবাদিকতা পেশাকে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্র, সমাজ ও মানুষের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বর্তমান সময়ের সাংবাদিকতা ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম ও অডিও জার্নালিজমের যুগে প্রবেশ করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে, অন্যথায় সাংবাদিকতা পিছিয়ে পড়বে।
সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।
মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর আগে সকালে তিনি বরিশালের চরকাউয়া এলাকায় গাছের চারা রোপণ করেন।





