স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রায় দুই দশক পর নিজ পৈতৃক ভিটায় ফিরছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামসহ আশপাশের এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
তার আগমন উপলক্ষে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়াবাড়ি’তে চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম নিজ জেলায় সফরে যাচ্ছেন তিনি, যা স্থানীয়দের মাঝে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সাড়ে ১০টায় বগুড়ায় পৌঁছাবেন তিনি। দিনব্যাপী সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ফলক উন্মোচন এবং জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতি ভবন ও ‘ই-বেলবন্ড’ কার্যক্রম উদ্বোধনের পর বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে গাবতলীর বাগবাড়ীতে গিয়ে স্বাস্থ্য ও সামাজিক কর্মসূচির উদ্বোধন করবেন।
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক বাড়ি ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করবেন তিনি। বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাগবাড়ী গ্রামের বাসিন্দারা জানান, ‘ঘরের ছেলে’ প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসছেন—এটি তাদের জন্য গর্ব ও আবেগের বিষয়।
এদিকে সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে এবং জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন।
শহরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সড়ক মেরামত, ডিভাইডার রং, সড়কবাতি পরীক্ষা, আবর্জনা অপসারণসহ বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হচ্ছে।
প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াবাসীর মধ্যে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা স্থানীয়দের কাছে এক স্মরণীয় ঘটনায় পরিণত হতে যাচ্ছে।





