স্টাফ রিপোর্টার, ২৭ মে, ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জনগণসহ সমগ্র দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। একই সঙ্গে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।
তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমভাবে সেই আনন্দে অংশ নিতে পারে। এ উপলক্ষে তিনি বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আজহার শিক্ষা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।





