স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ উদ্যোগের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়বে, যার ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে আসবে। এতে খরা, বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায়ও সহায়তা মিলবে বলে ধারণা করা হচ্ছে।
কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এ কার্যক্রম শুরু করা হবে। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কার্যক্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
একই সময়ে দেশের আরও ৫৩টি জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। সংশ্লিষ্ট জেলাগুলোতে মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত থেকে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করবেন।





