স্টাফ রিপোর্টার | ১২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল।
আজ দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৈঠকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া কঠিন শিলা খনির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজানুল হকসহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি ও বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান উৎপাদন পরিস্থিতি এবং বিভিন্ন কারিগরি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বন্ধ থাকা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট সচল করা এবং খনি থেকে উত্তোলিত কয়লার যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও কয়লা খনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অনিন্দ্য ইসলাম অমিত পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।
সেখানে খনি থেকে উত্তোলিত পাথরের বিশাল মজুত ঘুরে দেখেন তারা। পরে মধ্যপাড়া কঠিন শিলা খনির বর্তমান পরিস্থিতি ও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে খনি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যরা উপস্থিত ছিলেন।





