স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো ক্রান্তিকাল থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ও আদর্শ নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়ন না হওয়াতেই এই সংকট দীর্ঘস্থায়ী হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, পাকিস্তান আমল থেকেই মানুষ ‘ক্রান্তিকাল’ শব্দটি শুনে আসছে, কিন্তু সেই সময় আর শেষ হচ্ছে না। মুক্তিযুদ্ধের মূল আদর্শ যদি বাস্তবায়িত হতো, তাহলে আজ এই সংকট দেখা দিত না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বল্প সময়ের মধ্যেই সেই আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এই ক্রান্তিকাল থেকে বের হতে পারবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ একটিই হয়েছে—দ্বিতীয় কোনো মুক্তিযুদ্ধের ধারণা বিভ্রান্তিকর। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। যারা মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করছে বা ভিন্নভাবে উপস্থাপন করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য নির্ণায়ক। কোন শক্তি দেশের পক্ষে আর কোন শক্তি বিপক্ষে—তা জনগণের কাছে স্পষ্ট। তেল আর পানি যেমন এক হয় না, তেমনি দেশবিরোধী শক্তি ও জনগণের শক্তি এক হতে পারে না।
তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি অতীত রয়েছে এবং সেই অতীত বিশ্লেষণ করেই জনগণ সিদ্ধান্ত নেবে। বারবার গণতন্ত্র সংকটে পড়লেও বিএনপিই তা পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে আব্দুস সালাম বলেন, স্বাধীনতার ঘোষণাদাতা ও জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তক হিসেবে জিয়াউর রহমান গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
বর্তমান পরিস্থিতিকে ‘ট্রানজিশনাল’ ও ঝুঁকিপূর্ণ সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশ এখন এক ধরনের অপারেশন থিয়েটারে রয়েছে। এই সময়ে সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
তিনি বলেন, মানুষকে ভয়ের কথা নয়, আশার কথা বলতে হবে। বিএনপিই দেশের মানুষকে সেই আশার আলো দেখাতে পারে। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন বলেও জানান তিনি।
আগামী ২৫ তারিখ ঢাকায় বিএনপির বড় কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন ঢাকায় সারাদেশের মানুষের ঢল নামবে এবং সেটি হবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার ইঙ্গিত।
আলোচনা সভায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





