দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার-ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌজন্য সাক্ষাতে বাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রশংসা

স্টাফ রিপোর্টার, ০৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম ও পেশাদারিত্বের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

এ ছাড়া সরকারপ্রধান জনগণের স্বার্থে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।