স্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এখন যে ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো এসেছে এবং যে পরিবর্তনগুলো প্রকৃতিতে হচ্ছে—যদি আমরা আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, পরিবেশকে রক্ষা করতে না পারি, তাহলে এই দেশকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।”
তিনি বলেন, প্রতিটি দেশ তার নিজস্ব স্বার্থ দেখে থাকে এবং বাংলাদেশকেও একইভাবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে চাপ সৃষ্টি করে জাতীয় দাবিগুলো আদায় করা সম্ভব, তবে তা কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারই করতে পারে।
ফখরুল আরও বলেন, “নির্বাচিত সরকার না থাকলে এসব দাবি গুরুত্ব পায় না। আর হাসিনার মতো কেউ যদি জোর করে গদি দখল করে বসে থাকে, তখন তো কোনো দাবি আদায়ই সম্ভব হয় না।”
ভারতের সঙ্গে সম্পর্ক ও অভিন্ন নদীর পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে ১৫৪টি অভিন্ন নদী রয়েছে, যার পানিবণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। গঙ্গা পানি চুক্তি, ফারাক্কা ইস্যু, গেঞ্জেস ব্যারেজ–এসব বিষয়ে বিএনপি সরকার এলে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি অভিযোগ করে বলেন, “গত ১৫ বছরে ভারতের মোদি সরকার বাংলাদেশের কাছ থেকে সবকিছু নিয়েছে, কিন্তু বিনিময়ে কিছু দেয়নি। এটি ছিল আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা।”
প্রতিবেশী দেশের সঙ্গে সমমর্যাদার সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমাদের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে। সমান মর্যাদা, সম্মান এবং দেশের স্বার্থ—এই তিনটিই হবে আমাদের প্রধান বিবেচনা।”
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাড়ে জনসমাবেশে তিনি এসব কথা বলেন।





