স্টাফ রিপোর্টার, ০৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার ভবিষ্যৎ নির্ধারণকারী “টোন-সেটিং ইভেন্ট” হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার ফজল। তিনি বলেন, দেশ হিসেবে আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চাই—এ নির্বাচন সেই ধারণা তৈরির ভিত্তি তৈরি করবে।
এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের চেষ্টা সেই ক্ষতিগ্রস্ত ব্যবস্থাকে রিপেয়ার করে সঠিক অবস্থায় ফিরিয়ে আনা। এক ধরনের ইমপ্লোডেড সিস্টেমকে রিঅর্গানাইজ ও রিস্ট্রাকচার করতে আমরা কাজ করছি।”
তিনি উল্লেখ করেন, এই কাজ কোনো একটি দল বা পক্ষের পক্ষে সম্ভব নয়। এটি অবশ্যই একটি সমন্বিত জাতীয় উদ্যোগ হতে হবে। নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজনৈতিক দল, ভোটার, বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবাদিক, পর্যবেক্ষকসহ সব স্টেকহোল্ডারকে তাদের দায়িত্ব পালন করতে হবে।
ইসি ফজল বলেন,
“আমরা সর্বপ্রথম এই দেশের নাগরিক। তারপর আমাদের আলাদা আলাদা পরিচয় আছে। দেশ-জাতি-প্রজন্মের স্বার্থে ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। যার যে ভূমিকা আছে, তা যেন সচেতনভাবে পালন করি—তবেই আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”





