দেশ পরিচালনায় ব্যর্থতার কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে: রেজাউল করিম

ইসলামের পক্ষে একমাত্র ভোটের বাক্স হাতপাখা, দেশ ও মানবতার কল্যাণ চাইলে এ প্রতীকেই ভোট দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার | ২৫ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে দেশ পরিচালনাকারীরা সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা রেজাউল করিম।

তিনি বলেন, এই দীর্ঘ সময়ে বাংলাদেশ বারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, হাজার হাজার মায়ের কোল শূন্য হয়েছে এবং দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়ে বেগমপাড়া গড়ে উঠেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশিদের তাবেদারি করতে গিয়ে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে।

রেজাউল করিম বলেন, এসব ব্যর্থতা ও অবিচারের পরিবর্তনের লক্ষ্যেই ১৯৮৭ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর এখনো সংসদে তাদের কোনো এমপি না গেলেও এর পেছনে সুযোগের অভাব ছিল না। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা ক্ষমতার অংশীদার হওয়া বা দুই-একটি আসনের জন্য রাজনীতি করে না বলে তিনি জানান।

তার ভাষায়, “ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে এবং ইসলামের কল্যাণে। আমরা ক্ষমতা বা সম্পদের জন্য রাজনীতি করি না।”

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ইসলামের পক্ষে একটি স্পষ্ট ভোটের বাক্স জনগণের সামনে এসেছে। অন্য কোনো রাজনৈতিক দল ইসলামের পক্ষে ভোটের বাক্স আনার সাহস দেখাতে পারেনি। ইসলামের পক্ষে একমাত্র বাক্স হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের বাক্স।

শেষে তিনি দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা ইসলামকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ চান এবং একটি মর্যাদাশীল ও স্বাধীন বাংলাদেশ দেখতে চান, তারা ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দিন। এটাই বাস্তবতা।”