দ্রুতই শুরু হবে বাণিজ্যিক রাজধানীর কাজ: আমির খুসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রামে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর ঘোষণা, পোর্টের কার্যক্রম উন্নত করার কথা

| নিউজ চ্যানেল বিডি

চট্টগ্রাম: অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খোশ্রু মাহমুদ চৌধুরী বলেছেন, বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার কাজ দ্রুতই শুরু করা হবে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সকালে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে যান তিনি।

বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগ বাড়াতে হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। উন্নয়নের নানা পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

আমির খোশ্রু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাণিজ্যিক রাজধানীর কাজ এখন শুরু হবে। এখানে বিনিয়োগ একটি বড় বিষয়, সে দিকেই গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করতে হবে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী হয়।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থানে নেওয়া সম্ভব হবে।