স্টাফ রিপোর্টার, ২৪ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের ত্বরিত উদ্যোগে দেশে ফিরেছেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী। তারা মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন।
সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর কর্তৃক প্রেরিত তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ তারা উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সংশ্লিষ্ট এজেন্সি তাদের ৫ এপ্রিল দেশে ফেরার কথা জানালেও নির্ধারিত সময়ে কোনো রিটার্ন টিকিট প্রদান করেনি। ফলে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। এর মধ্যে গত ১৮ এপ্রিল তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।
আটকে পড়া যাত্রীদের দেশে ফেরানোর বিষয়ে জেদ্দার বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পত্র পাঠান।
বিষয়টি জানার পর ধর্মমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান। মন্ত্রীর নির্দেশে কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগী উমরাহ যাত্রীদের হোটেলে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করেন।
২৩ এপ্রিল আটকে পড়া উমরাহ যাত্রীদের সর্বশেষ দলটিও দেশে ফিরে আসে।
প্রতিনিধি দলে আরও ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর হজ মো. কামরুল ইসলাম এবং কনস্যুলার এ এস এম সায়েম।
ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে যাত্রীরা যাতে আরও সমস্যায় না পড়েন, সে বিষয়ে জেদ্দার বাংলাদেশ হজ অফিস থেকে সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠিও পাঠানো হয়।
উল্লেখ্য, গত মাসেও একই এজেন্সির কিছু উমরাহ যাত্রী একই ধরনের সমস্যায় পড়েছিলেন। পরে ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে এজেন্সির মালিক তাদের দেশে ফেরার ব্যবস্থা করেন।





