স্টাফ রিপোর্টার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণ কিংবা যেকোনো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের আশ্রয়দাতা ও সহযোগীদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য ও জেলার কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলায় জড়িতদের যদি কেউ আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, মাগুরার আলোচিত আছিয়া হত্যাকাণ্ডের সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং দ্রুত বিচার সম্পন্ন হয়েছিল। একইভাবে নরসিংদী ও ঝিনাইদহের ধর্ষণ ও হত্যা মামলাগুলোও সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। অপরাধীরা আইন অনুযায়ী কঠোর শাস্তি পাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হলে শুধু চাকরি হারানোই নয়, বিভাগীয় মামলার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমেও ব্যবস্থা নেওয়া হবে।
উন্নয়ন ও অবকাঠামো খাতে বরাদ্দকৃত অর্থের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, জনগণের প্রতিটি টাকার হিসাব কড়ায়-গন্ডায় নেওয়া হবে। কেউ কমিশন বাণিজ্য বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহে চাঁদাবাজি, হুমকি-ধামকি বা রাজনৈতিক দলাদলি বরদাশত করা হবে না। যেকোনো অনিয়মের তথ্য তাকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। আগামী সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ বিল আকারে পেশ করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ একটি নির্বাচন ও সরকার পেয়েছে। শহীদদের অমর্যাদা হয় এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। ফ্যাসিস্ট ও গণহত্যার সঙ্গে জড়িতদের আইনগত ফাঁকফোকর দিয়ে রেহাই পাওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-4 আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলার অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





