ধানের শীষের বাইরে ভোট গেলে জবাবদিহি করতে হবে: জয়নুল আবেদিন ফারুক

তারেক রহমানকে হালকাভাবে না নেওয়ার আহ্বান, বরকতউল্লাহ বুলুর অবদানের স্বীকৃতি; নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার, ১ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, ধানের শীষের বাইরে ভোট গেলে তার রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব পড়বে। পরবর্তীতে উচ্চকক্ষের ভোটসহ অন্যান্য হিসাবের সময় এর জবাবদিহি করতে হতে পারে।

তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে ভিন্ন প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। “সব কথা খোলাখুলি বলা যায় না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেককে প্রশ্ন করুন,” বলেন জয়নুল আবেদিন ফারুক।

তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, ১৬ বছর পর দেশে ফিরে তিনি পরিপক্ব রাজনীতিবিদ হিসেবে নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তাকে ছোট করে দেখার সুযোগ নেই। বিএনপি দীর্ঘদিন গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

দলীয় ঐক্যের বিষয়ে জোর দিয়ে ফারুক বলেন, বরকতউল্লাহ বুলু বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এবং তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। “আমি বয়সে বড় হতে পারি, কিন্তু তিনি আমার সিনিয়র নেতা। আমি তাকে সবসময় মর্যাদা দিয়েছি এবং দেব,” বলেন তিনি। দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা না করার আহ্বানও জানান।

অন্য একটি রাজনৈতিক দলের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ভোট দিলে বেহেশতে যাওয়ার মতো মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। রাজনৈতিক বক্তব্য যেন বাস্তবতা ও দায়িত্ববোধের মধ্যে থাকে, সে আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেন জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। হারানোর কিছু নেই, তবে দলের ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে আপস করবেন না।

নির্বাচিত হলে জনগণের জন্য বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বেকারদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিস্বার্থের চেয়ে দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বিভাজন নয়, ঐক্যই এখন সবচেয়ে জরুরি।