স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মোঃ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন। আইজিপি হিসেবে নিয়োগের আগে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএনে কর্মরত ছিলেন।
আন্তর্জাতিক পর্যায়েও তিনি দায়িত্ব পালন করেছেন। কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন। সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। পাশাপাশি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ আলী হোসেন ফকির। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।





