স্টাফ রিপোর্টার, ২৩ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটরকে তিনি স্বাগত জানান এবং আশা করেন, অসমাপ্ত দায়িত্ব তিনি সফলভাবে এগিয়ে নেবেন।
সোমবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জুলাই-আগস্টে রক্তদানকারী ও নিহতদের পরিবারের প্রত্যাশা ছিল ন্যায়বিচার। সেই বিচার প্রক্রিয়া নতুন নেতৃত্বে অব্যাহতভাবে চলবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত ১৫ বছরের গুম ও খুনের মামলাগুলোর বিচারও যথাযথভাবে পরিচালিত হবে বলে মন্তব্য করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, তিনি দেড় বছর দায়িত্ব পালন করেছেন একটি কঠিন সময়ে। অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার ছিল জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্রীয় সংস্কার। সেই লক্ষ্য সামনে রেখে ট্রাইব্যুনালের কার্যক্রম পুনর্গঠন, আলামত সংগ্রহ এবং সাক্ষ্য গ্রহণের কাজ শুরু করা হয়।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় ট্রাইব্যুনালের অবকাঠামো ও নথিপত্র এলোমেলো অবস্থায় ছিল। সেখান থেকে তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ। শহীদ পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
নতুন সরকারের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব বণ্টন করতেই পারে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং একজন নাগরিক হিসেবে বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাজুল ইসলাম বলেন, গত দেড় বছরে বিচার কার্যক্রম জনসমক্ষে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।





