নাটোরে অসহায় সেলিনা বেগমের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’,

ঈদ উপহার প্রদানমানবিক উদ্যোগে তারেক রহমানের সহমর্মিতা, খোঁজ নিলেন প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, ২০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

নাটোরের নলডাঙ্গায় অসহায় সেলিনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। একটি হৃদয়স্পর্শী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় সেলিনা বেগমের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

প্রতিনিধি দলটি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং আসন্ন ঈদ উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, “সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি” শীর্ষক একটি প্রতিবেদনে সেলিনা বেগমের পরিবারের চরম দারিদ্র্যের চিত্র উঠে আসে। সেই প্রেক্ষিতেই মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে ‘আমরা বিএনপি পরিবার’।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।