নারীদের মনোনয়ন না দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সালাউদ্দিন আহম্মেদ

নারী শিক্ষা, ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তায় বিএনপির সুস্পষ্ট কর্মসূচির কথা তুলে ধরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

স্টাফ রিপোর্টার | ১৩জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচনের জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো একজন নারীকেও মনোনয়ন দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ। তবে একই সঙ্গে তারা বাড়ি বাড়ি গিয়ে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

কক্সবাজারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে বিএনপির অবদান ঐতিহাসিক। ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং উপবৃত্তি প্রবর্তন করেন। এর ফলেই আজ বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি হয়েছে, শিক্ষার হার বেড়েছে এবং নারীরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আগামী সংসদে সরাসরি নির্বাচনের জন্য অন্তত ১০ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপিই দিয়েছে। অথচ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় একজন নারীকেও দেখা যায়নি।

বিএনপির কর্মসূচির কথা তুলে ধরে সালাউদ্দিন আহম্মেদ বলেন, দরিদ্র পরিবারের ক্ষেত্রে পরিবারের নারী প্রধানের হাতে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারে সচ্ছলতা আসবে, আত্মনির্ভরতা তৈরি হবে, নারীর মর্যাদা বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

এছাড়াও তিনি বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের জন্য সরকারি ভাতা, খেলাধুলা ও শিক্ষার প্রসার, কারিগরি শিক্ষা এবং দক্ষ কর্মক্ষম মানবসম্পদ গড়ে তোলার জন্য বিএনপির সুস্পষ্ট কর্মসূচি রয়েছে।

তিনি বলেন, “বিএনপির নীতি আছে, আদর্শ আছে, কর্মসূচি আছে এবং পরিকল্পনা আছে। আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছি, তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অপরদিকে যারা জনগণকে বিভ্রান্ত করছে, তাদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা দেশ গড়ার নীতি আমরা দেখতে পাই না।”