স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ইতালি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো-র বৈঠকে এ আলোচনা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।
ইতালির রাষ্ট্রদূত তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশের বিভিন্ন মানসম্মত পণ্য আমদানিতে ইতালির আগ্রহের কথা জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।
ইতালীয় পক্ষ বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্পযন্ত্রপাতি আমদানির আহ্বান জানিয়ে বলে, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের শিল্পখাত আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে হুমায়ুন কবির ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশ সফর ও প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
বৈঠকে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বিদ্যমান অভিবাসন সহযোগিতা পর্যালোচনা করে দুই দেশের মধ্যে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ জানায়।
বৈঠকে ইতালি দূতাবাসের উপ-মিশনপ্রধান ফেদেরিকো জাম্পারেল্লিও উপস্থিত ছিলেন।





