স্টাফ রিপোর্টার | ২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন সব প্রকল্পে কাজের শতভাগ মান নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো সম্পন্ন করতে হবে। পাশাপাশি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক, কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতির বিস্তারিত চিত্র উপস্থাপন করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও বর্তমান অবস্থার সার্বিক তথ্য তুলে ধরেন।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।





