স্টাফ রিপোর্টার,১ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অতীতে সাংবাদিকরা নিয়ন্ত্রিত ছিলেন এবং ততটা প্রশ্ন করতে পারতেন না। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারছেন, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কোনও স্বরাষ্ট্রমন্ত্রীও আগে এত জোরে ও প্রকাশ্যভাবে কথা বলতে পারেননি।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকালীন সহিংসতা ও বিশৃঙ্খলা মূলত দলের ভিতরের সংঘর্ষ এবং কিছু অবহেলার কারণে ঘটছে। সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের জন্য জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় পরিস্থিতি শান্ত রাখতে সকলকে সহযোগিতা করতে হবে।
ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমের মিথ্যা সংবাদ বন্ধ করার গুরুত্ব তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সাংবাদিক ও সাধারণ জনগণকে সত্য সংবাদ পরিবেশন করতে হবে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে উৎসাহিত করতে হবে।
চট্টগ্রাম বিভাগ বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে সমুদ্র, পাহাড় এবং সমতল ভূমি রয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষার জন্য নৌবাহিনী, কোস্টগার্ড, সেনাবাহিনী ও এয়ারফোর্সের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, দুর্গম এলাকায় হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হয়েছে যাতে জরুরি পদক্ষেপ দ্রুত নেওয়া যায়।
তিনি বলছেন, প্রতিটি কেন্দ্র এবং অঞ্চল অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ থাকে।





