নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ অসত্য: জামায়াতে ইসলামী

অপপ্রচারের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীক ও ১০ দলীয় ঐক্য ভাঙার চেষ্টা চলছে বলে অভিযোগ

স্টাফ রিপোর্টার ২১ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, শুরু থেকেই তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

জামায়াতের এক নেতা বলেন, ১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার দিনই তারা ঘোষণা দিয়ে নিজ দায়িত্বে সব ধরনের প্রচারণা ও প্রকাশনা সামগ্রী অপসারণ করেছেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনার জন্য তারা অপেক্ষা করেননি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত সব বিধি-বিধান ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার ব্যাপারে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। অথচ একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালিয়ে দলকে, দাড়িপাল্লা প্রতীককে এবং ১০ দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। দেশবাসীর কাছে বিষয়টি স্পষ্ট এবং ভোটাররা নির্বাচনের মাধ্যমেই এর জবাব দেবেন বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তা এখনও পক্ষপাতমূলক আচরণ করছেন এবং একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়ছেন। এসব বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন যদি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনে বাধ্য না করে, তাহলে প্রয়োজনে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে।

এদিকে ঢাকা-১৫ আসনে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জামায়াত নেতা অভিযোগ করেন, একটি বিশেষ দলের পক্ষ থেকে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাদের নারী ভোটার, নারী কর্মী এবং দায়িত্ব পালনকারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। গত রাতে এ ধরনের দুটি ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।