স্টাফ রিপোর্টার, ২৫ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ঢাকা-১১ আসনে নির্বাচনী বিধি-বিধান একতরফাভাবে প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি দল বা একটি জোট রাতভর মাইকিং করতে পারছে, নির্বিঘ্নে পোস্টার লাগাতে পারছে এবং যা খুশি তাই করতে পারছে। অথচ একই বিধি-বিধান অন্য দল ও জোটের জন্য কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, এটি শুধু ঢাকা-১১ আসনের চিত্র নয়, বরং সারা দেশের বাস্তবতাই এমন। নির্বাচনী আচরণবিধি বারবার ভঙ্গ হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং উল্টোভাবে গণভোটের প্রচারণার অভিযোগে আমাদের শোকজ করা হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষ তাদের প্রত্যাশা ও সমস্যার কথা আমাদের কাছে এসে বলছে। এই এলাকা মফস্বলধর্মী ও প্রান্তিক। এখানকার সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট। পাশাপাশি চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। নিজের জমিতে মাটি ফেলতেও চাঁদা দিতে হয়, একটি রাস্তায় গাড়ি ঢুকলেও চাঁদা দিতে হয়। এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এছাড়াও যাতায়াত ব্যবস্থা ও শিক্ষা খাতে এই এলাকার মানুষ পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চাহিদার কথা মানুষ বারবার আমাদের জানাচ্ছে। আমরা তাদের কাছ থেকে সমস্যাগুলো শুনছি এবং কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছি।
নাহিদ ইসলাম বলেন, বহু বছর পর মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছে। প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে বলেই মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে। আমরা আশাবাদী যে মানুষ ১০–১১ দলের জোটের পক্ষেই রায় দেবে।
তিনি আরও বলেন, গায়ের জোরে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করা হলেও এতে নির্বাচনকে ম্যানিপুলেট বা ইঞ্জিনিয়ারিং করা যাবে না। নির্বাচনের দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে এবং পরিবর্তন ও সংস্কারের পক্ষেই ভোট দেবে।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বড় শোডাউন এড়িয়ে চলছি। ডোর টু ডোর প্রচারণা, উঠান বৈঠক, চায়ের দোকানে বসে মানুষের সঙ্গে কথা বলছি, যাতে তারা নির্ভয়ে নিজেদের কথা বলতে পারে এবং দুর্ভোগ কম হয়।
কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়টি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এসব কার্ড মানুষ এখন প্রতারণা হিসেবেই দেখছে। এগুলো মূলত ভোট কেনার কৌশল। কোটি কোটি টাকা খরচ করে এসব দেওয়া হচ্ছে। মানুষ হয়তো সুবিধা নিচ্ছে, কিন্তু ভোট দেবে নিজের বিবেচনা অনুযায়ী।





