নির্বাচনে হারার ভয়ে আতঙ্কিত প্রতিপক্ষ, ব্যালট বিপ্লবের ডাক নাসরিউদ্দিন পাটোয়ারীর

চাঁদাবাজি, সন্ত্রাস ও ফেসিবাদী সিস্টেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ১২ তারিখে পরিবর্তনের প্রত্যাশা

স্টাফ রিপোর্টার |২৪ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি


নির্বাচনে হারার ভয়ে প্রতিপক্ষ আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতা নাসরিউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “ভয় পাবেন না, খেলায় থাকুন। খেলা হবে। যারা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিচ্ছে, জনগণের বদদোয়ায় তারা ছারখার হয়ে যাবে।”

তিনি অভিযোগ করেন, বিএনপির ভেতরেও চাঁদাবাজি ও দখলদারিত্বের শিকার হচ্ছেন সাধারণ নেতাকর্মীরা। অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না। তিনি বলেন, “আমরা কোনো দল বা ব্যক্তির বিরোধী নই। আমরা ফেসিবাদী সিস্টেমের বিরোধী। কেউ যদি সেই পুরনো সিস্টেমে বসার চেষ্টা করে, জনগণই তাদের উৎখাত করবে।”

নাসরিউদ্দিন পাটোয়ারী বলেন, গত ১৫ বছরে আলেমদের ওপর নির্যাতন হয়েছে। এখন ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের অপচেষ্টা চলছে। জান্নাতের টিকিট বিক্রির মতো বক্তব্যকে তিনি বিভ্রান্তিকর ও ইসলামবিরোধী বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রশাসন, পুলিশ ও মিডিয়াকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে। তবুও জনগণ ঐক্যবদ্ধ। “আগামী ১২ তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই ভয়কে জয় করতে হবে,” বলেন তিনি।

ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় সাধারণ মানুষ ঘর থেকে বিজয় চিহ্ন দেখিয়ে সমর্থন জানাচ্ছে বলেও দাবি করেন তিনি। পাটোয়ারী বলেন, “১২ তারিখে বাংলাদেশের গতিপথ পাল্টে যাবে।”

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। ধর্মীয় উস্কানি দিয়ে ‘হ্যাঁ-না’ ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক এক পথসভায় হামলার অভিযোগ তুলে তিনি বলেন, বক্তব্য চলাকালে ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। তবে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “১২ তারিখের পর প্রত্যেক চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজকে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।”

তিনি বলেন, “এই নির্বাচন জনতার নির্বাচন। ১০ দলীয় জোটের জয় হবে, শাপলা প্রতীকের জয় হবে। এটা কোনো দলের নয়, জনগণের জয়।”