স্টাফ রিপোর্টার
১০ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন পরিচালনায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিএনপির নির্বাচন পরিচালনা স্ট্যান্ডিং কমিটির অধীনে একটি আধুনিক কল সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার কল সেন্টার উদ্বোধন শেষে টেলিভিশন ক্যামেরার সামনে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সারাদেশের নির্বাচনী কার্যক্রম তত্ত্বাবধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল কাজ। এই কাজকে সহজ, দ্রুত ও কার্যকর করতেই এই কল সেন্টার চালু করা হয়েছে।
রুহুল কবির রিজভী জানান, কল সেন্টারের নির্ধারিত নম্বর ১৬৫৪৩। এই নম্বরে সারাদেশের যে কোনো তৃণমূল পর্যায়ের নির্বাচনী এজেন্ট, প্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্মীরা নির্বাচনসংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ কিংবা প্রশ্ন জানাতে পারবেন।
তিনি আরও বলেন, কল সেন্টারে দায়িত্বপ্রাপ্ত ছয়জন অপারেটর প্রাপ্ত তথ্য তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করবেন এবং তা নির্বাচন পরিচালনা স্ট্যান্ডিং কমিটি ও সংশ্লিষ্ট উপকমিটিগুলোর কাছে পাঠাবেন, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
বিএনপির এই নেতা জানান, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত অভিজ্ঞ ও টেকনিক্যাল টিম দিন-রাত কাজ করছে, যাতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দ্রুত যোগাযোগ স্থাপন করা যায় এবং পুরো নির্বাচনী কার্যক্রম আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কল সেন্টার চালুর মাধ্যমে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যক্রম আরও এক ধাপ অগ্রসর হলো এবং এর মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে।





