নির্বাচন বিলম্বে চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের

সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে: মির্জা ফখরুল

Posted by:

on

যশোর, ৬ নভেম্বর ২০২৫ │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:
সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, তার আগে নয়—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,

“সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনও গণভোট হতে দেওয়া হবে না।”

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন,

“আর টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করুন। যেগুলো সিদ্ধান্ত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করুন। যেগুলো হয়নি, সেগুলো সংসদে হবে। অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন।”

তিনি অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

“কয়েকটি দল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, আবার কেউ নির্বাচন পিছিয়ে দিতে চায়। পরিষ্কারভাবে বলতে চাই, এটা দেশের জনগণ মেনে নেবে না। আমাদেরকে অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।”

ঐকমত্য কমিশন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,

“এমন একটি প্রস্তাব জাতির সামনে আনা হয়েছে, যেখানে আগে যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলো সই হয়ে গেছে। এরপর আবার নতুন প্রস্তাব এনে আগের সিদ্ধান্তগুলো ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এটা প্রভাবদুষ্ট আচরণ।”

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। নিজেদের ফায়দা হাসিলের জন্য নতুন করে শুরু করতে চাইছেন—এটা দেশের মানুষ মেনে নেবে না।”

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন অমলেন্দু দাস অপু, মফিকুল ইসলাম তৃপ্তি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সাবিরা সুলতানা মুন্নী, আবুল হোসেন আজাদ এবং রওনকুল ইসলাম শ্রাবণ।
এ সময় প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম উপস্থিত ছিলেন।