নির্বাচন হবে ২০ কোটি মানুষের ভবিষ্যতের জন্য: ইশরাক

ঢাকা-৬ আসনে সুষ্ঠু নির্বাচনের ওপর জোর, গ্যাস সংকটসহ স্থানীয় সমস্যার সমাধানের প্রতিশ্রুতি

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩০ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী “,”ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন”, বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের ২০ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এটি কোনো একটি রাজনৈতিক দলের বিষয় নয়, বরং পুরো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাজধানীর ওয়ারী ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন জানান, তাঁর নির্বাচনী এলাকায় সবচেয়ে বড় সমস্যা এখন গ্যাস সংকট। তিনি বলেন, যেখানে যাচ্ছেন সেখানেই বিশেষ করে নারীরা গ্যাসের তীব্র সংকটের কথা তুলে ধরছেন। গ্যাসের অভাবে গৃহস্থালি কাজ ও স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তিনি আশ্বাস দেন, এই সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

তিনি আরও বলেন, এলাকায় তীব্র যানজট এবং অবৈধভাবে দখল করা রাস্তা ও ফুটপাত জনদুর্ভোগ বাড়াচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাফেরা কঠিন হয়ে উঠছে। পাশাপাশি আগামী বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ ব্যবস্থা সচল করা না গেলে জলাবদ্ধতার সমস্যা আরও ভয়াবহ রূপ নেবে বলে তিনি সতর্ক করেন। এসব সমস্যার সমাধানও অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইশরাক হোসেন। তাঁর ভাষায়, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে। সরকার গঠনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

নির্বাচন সুষ্ঠু হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করবে। ঢাকা-৬ আসনে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে বলে তিনি জানান। তবে ব্যক্তিগত আক্রমণ ও অসৌজন্যমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি, কারণ এসব থেকে বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি হতে পারে।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন বানচাল করার কোনো ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সমস্যার সমাধান সম্ভব নয় এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান আসবে না। তাই নির্বাচন অনিবার্য।

তিনি আরও বলেন, অতীতেও তিনি ঘোষণা দিয়েছেন প্রয়োজনে প্রার্থী শহীদ হলেও দেশের ২০ কোটি মানুষের ভবিষ্যতের জন্য নির্বাচন থামানো যাবে না। নির্বাচন হবেই, ইনশাল্লাহ।