ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫:
জুলাই গণঅভ্যুত্থানের নায়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান অভিযোগ করেন, সরকার নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, “হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। সরকার এ সময়ের মধ্যে একশন না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, “নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, একটি প্রতিষ্ঠান ও ইতিহাস। তার উপর হামলার বিচার না হওয়া মানে জুলাই গণঅভ্যুত্থানের রক্তের সঙ্গে বেঈমানি।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, “১৮ দিন পার হয়ে গেলেও বিচার না হওয়া বিস্ময়কর। নুরের উপর হামলার বিচার অবশ্যই করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হিরণ শেখ, মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।





