‘পক্ষপাতিত্ব হলে অংশগ্রহণমূলক নির্বাচন অর্থহীন হয়ে যাবে’: মির্জা আব্বাস

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক হস্তক্ষেপের আশঙ্কার কথা বললেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার, ৭ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো জবাব পাননি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, তিনি এর আগে কখনো এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হননি। তার দাবি, নির্বাচনী আচরণ ও কিছু বক্তব্য থেকে এমন ধারণা তৈরি হচ্ছে যে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা চলছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসনিকভাবে কিছু প্রার্থীর প্রতি দুর্বলতা দেখা যাচ্ছে এবং উর্ধ্বতন মহলে একটি তালিকা তৈরি হয়েছে বলেও তিনি শুনেছেন, যেখানে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সংসদে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও উল্লেখ করেন।

মির্জা আব্বাস বলেন, এত বছর নির্বাচন করেও তিনি কখনো আগেভাগে বিজয় নিশ্চিত বলে দাবি করেননি। জনগণ কাকে ভোট দেবে, তা একমাত্র ভোটাররাই ঠিক করবেন। কিন্তু কিছু পক্ষ থেকে আগাম বিজয়ের ঘোষণা ও আচরণ নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে।

তিনি আরও বলেন, যদি কোনো বিশেষ গোষ্ঠী ভোট পাক বা না পাক, তবুও তাদের সংসদে পাঠানোর চেষ্টা হয়, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী হবে। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হলেও যদি পক্ষপাতিত্ব থাকে, তবে সেটি গ্রহণযোগ্য নয়।

ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস আহ্বান জানান, তারা যেন সব ধরনের চক্রান্ত উপেক্ষা করে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।