স্টাফ রিপোর্টার ২৩ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনাদের বুকে থাকা ভালোবাসাই আমাদের একমাত্র কার্ড। আমরা আপনাদের কাছ থেকে চাই সমর্থন, দোয়া আর ভালোবাসা।
শুক্রবার পঞ্চগড়ে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষ দয়ার উপর নির্ভরশীল হয়ে বাঁচবে না। তিনি বলেন, আমরা চাই না বাংলাদেশের কোনো এলাকার মানুষ কারও দয়ার পাত্র হয়ে বসবাস করুক।
তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দয়া দেখানোর রাজনীতি আর চলবে না। কে কাকে দয়া করল, কে কার উপকার করল, এই মানসিকতা থেকে দেশকে বের করে আনতে হবে। জনগণের অর্থ জনগণের অধিকার, সেটাকে দয়ার মোড়কে ব্যবহার করা আমরা সমর্থন করি না।
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে বেকারত্ব ও বৈষম্য থেকে মুক্ত। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণরা সম্মানের সঙ্গে কাজ পাবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি। ইনশাল্লাহ, আমরা যুবকদের হাত শক্তিশালী করব। তাদের সক্ষমতা বাড়াব এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তৃতাকালে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সমর্থন দেখা যায়।





