স্টাফ রিপোর্টার | ২০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে।
আজ বুধবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে। কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, সেটা বিএনপিই করেছে।”
তিনি জানান, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পানি সংকট মোকাবিলায় বিশেষ করে রাজশাহী অঞ্চলে পদ্মা নদী-তে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে কম পানি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে, যা খরা মৌসুমে কৃষি ও সাধারণ মানুষের কাজে লাগবে।
তিনি আরও বলেন, ফারাক্কা ব্যারাজ-এর প্রভাবে দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ করছে। এতে সুন্দরবন-সহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগের তুলনায় শীতের তীব্রতা কমে গেছে এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।
তিনি কক্সবাজার ও উখিয়া এলাকায় রোহিঙ্গা ক্যাম্প নির্মাণের ফলে হাজার হাজার গাছ কেটে ফেলার বিষয়টিও উল্লেখ করেন। একইসঙ্গে কক্সবাজার সৈকতসংলগ্ন সড়ক নির্মাণে গাছ কাটার পরিকল্পনা বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রীকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির সঙ্গে মানুষের জীবন, কৃষি ও পানি ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। নতুন এই ইনস্টিটিউট জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জীবন ও সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামসুল ইসলাম, সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





