স্টাফ রিপোর্টার, ২১ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা হবে। বাকি বিচারিক কার্যক্রম আদালতের ওপর নির্ভর করবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা দায়িত্বে আসার পর যতগুলো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং স্বল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।”
তিনি জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি সোহেল খানকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
তিনি আরও বলেন, “আমাদের পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হবে। বিচারের দায়িত্ব আদালতের।”
বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতার অভিযোগ সঠিক নয়। কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়। তবে গুরুতর অপরাধের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার উদাহরণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তুলে ধরে তাদের কৃতিত্ব দেন।





