পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে সীমান্তে সতর্ক থাকার নির্দেশ বিজিবিকে

ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে তালিকা চাওয়া

স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা মঙ্গলবারই বিজিবিকে নির্দেশ দিয়েছি, যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। কারণ সেরকম কোনো সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে তারা অ্যাড্রেস করতে পারে। আমার ধারণা সেরকম কিছু ঘটবে না।”

হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার বিষয়ে তিনি জানান, এক মাসের মধ্যে এমন মামলার তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলোর মধ্যে গণহত্যা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলাও রয়েছে। এসব মামলার জেলা পর্যায়ের তালিকা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মামলাগুলো আমরা যাচাই-বাছাই করে দেখব। এসব মামলায় প্রকৃত আসামি কারা, সেটা তদন্ত কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে ডিসপোজ অব (নিষ্পত্তি) করবে।”

এছাড়া মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।