পানি ব্যবস্থাপনা কমিটির সভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত

বর্ষা সামনে রেখে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশনা

স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সভায় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার পর শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, সামনে বর্ষা মৌসুম আসছে এবং বন্যা ও প্লাবনের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগাম কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনাগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।

মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করতে পারেন বলে আশা করা হচ্ছে।

এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছান প্রধানমন্ত্রী। এটি ছিল সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম সভা।