ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি:
জুলাই সনদের ভিত্তিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও সমমনা ছয়টি দল।
রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে এই স্মারকলিপি জমা দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও জাগপা-এর প্রতিনিধিরা।
এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেন,
“কোনও একটি দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করা হলে নির্বাচন কমিশনকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের মানুষ জানে প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক পরিচয় কী। যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারেন, তাহলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই উত্তম।”
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে।
পাঁচ দফা দাবি:
১. আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।





