পুলিশের সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি

নয় পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
২৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ও সাহসিকতাপূর্ণ ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের যথাযথ স্বীকৃতি প্রদান করা হবে।

রোববার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে দুটি পৃথক ঘটনায় সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করার ঘটনায় সাতজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির ও মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম ও আজমীর হোসেন এবং পুলিশ টেলিকম সংস্থার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।

এছাড়া, ছিনতাইকারী গ্রেফতারে সাহসিকতা প্রদর্শনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের ট্রাফিক সার্জেন্ট এম এস মাহমুদ আলি এবং সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিনকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।