পোস্টাল ব্যালট অপব্যবহার রোধে সতর্ক থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

নির্বাচন, মিয়ানমার সীমান্ত, চীনের ড্রোন কারখানা ও গাজা ইস্যুতে গুরুত্বপূর্ণ মন্তব্য

স্টাফ রিপোর্টার, ১৪ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আন্তমন্ত্রণালয় বৈঠকসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পোস্টাল ব্যালট অপব্যবহারের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করার মতো খুব বেশি কিছু নেই। কেউ যদি এটি মিসইউজ করার চেষ্টা করে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে আমাদের চেষ্টা থাকবে যেন অপব্যবহার না হয়। যখনই কোনো তথ্য জানা যাবে, সঙ্গে সঙ্গে তদন্ত করা হবে। পোস্টাল ভোট পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট মিশনের ভূমিকা খুব বেশি নয় বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির আশঙ্কার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকেই যারা কাম্য নন তারা দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তবে এ কারণে ভিসা বন্ধ করা হচ্ছে না। যারা সঠিক উদ্দেশ্য নিয়ে আসতে চান, তাদের ভিসা দেওয়া হবে।

রোহিঙ্গা সমস্যা ও মিয়ানমারের সঙ্গে চলমান সংকট নিরসনে দীর্ঘমেয়াদি প্রস্তুতির প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হতাহতের ঘটনায় কূটনৈতিক চ্যানেলে দেশটিকে অবহিত করা হয়েছে। মাঠপর্যায়ে এ বিষয়ে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানো। তবে মাঠপর্যায়ে ঘন্টা ঘন্টা কী ঘটছে, সে তথ্য সব সময় তার কাছে থাকে না বলেও জানান তিনি।

দেশে চীনের সামরিক ড্রোন কারখানা স্থাপন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে কোনো দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। কিছু সরঞ্জাম কিনতে হলে সেগুলো কোথা থেকে আনা হবে, কোন দেশ থেকে কতটা নেওয়া হবে—এসব বিষয়ে বিস্তর আলোচনা হয়। আমরা ভারসাম্য বজায় রেখেই সিদ্ধান্ত নেব।

গাজায় শান্তিরক্ষী পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের শর্ত পূরণ হলেই সেখানে সৈন্য পাঠানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।