স্টাফ রিপোর্টার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন। এতে উপস্থিতরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য ভুলেই যান যে তারা দেশের প্রধানমন্ত্রীর সান্নিধ্যে রয়েছেন।
পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।





