স্টাফ রিপোর্টার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, নিউ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান।
সোমবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক কাজ চলছে। ভবিষ্যতে বিদেশ সফর শুরু হলে চীন সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
হুমায়ুন কবির জানান, নবনির্বাচিত প্রধানমন্ত্রী দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে ম্যান্ডেট পেয়েছেন, তা চীন সরকার স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানাতেই রাষ্ট্রদূত এই সাক্ষাৎ করেন।
বাংলাদেশ-চীন সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে এ সম্পর্কের ভিত্তি শক্ত হয়েছে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দুই দেশের জনগণের স্বার্থে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ সৌজন্যমূলক অঙ্গীকার করেছে।





