স্টাফ রিপোর্টার | ১৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
একই অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে ঘুরে চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন।
ক্ষমতায় এসে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছিল বিএনপি। কক্সবাজারের মালুমঘাটে এ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সরকারের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর ঢাকার করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড, টাঙ্গাইলে কৃষক কার্ড এবং সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে বিভিন্ন জেলায় একাধিক পাইলট প্রকল্প চালু করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য সম্মানি ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচিও চালু করেন।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে এ বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে ৪৯ জেলার ১৪৯ উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে মালুমঘাট সংরক্ষিত বনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, পরিবেশ সচিব রায়হান কাওছারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





