প্রধানমন্ত্রীর উদ্যোগে তনু হত্যা মামলার তদন্তে অগ্রগতি: আইনমন্ত্রী

১০ বছর পর জট খুলছে, একজন গ্রেফতার; দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস

স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে দীর্ঘ ১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলার তদন্তে জট খুলতে শুরু করেছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে মামলার অগ্রগতি জানতে আগ্রহ দেখিয়েছেন এবং ঈদের দিন এ বিষয়ে তাকে বার্তা পাঠান। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার-এ আয়োজিত এক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ব্র্যাক।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মামলার তদন্তে গতি এসেছে এবং ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও আইন মন্ত্রণালয়ও সক্রিয়ভাবে কাজ করছে। দীর্ঘদিনে যে কাজগুলো হয়নি, সেগুলো দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এক থেকে দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং তা নিরসনের কার্যকর উপায়’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত।

সভায় আইন মন্ত্রণালয়ের সচিব, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।